শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নলকুড়া ইউনিয়নের ভারুয়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের খোতবার আগে এই ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ আহমেদ স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্য এবং নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি প্রায় ২০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে সালেহ আহমেদ ওই মসজিদের সভাপতি নির্বাচিত হন। তবে তার এই নির্বাচন নিয়ে আপত্তি তোলেন একই গ্রামের আব্দুল মতিন ও তার সহযোগীরা। আব্দুল মতিন নলকুড়া ইউনিয়নের যুবদলের সভাপতি, তবে বর্তমানে ওই কমিটি স্থগিত রয়েছে।
শুক্রবার নামাজের আগে এই বিষয় নিয়ে মতিনের পক্ষের লোকজনের সঙ্গে সালেহ আহমেদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সালেহ আহমেদের মাথায় আঘাত করেন এবং বুকে লাথি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে মুসল্লিরা তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলকুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সুজা এবং স্থানীয় চেয়ারম্যান জামান জানান, সালেহ আহমেদ ঝামেলা এড়ানোর চেষ্টা করলেও তাকে আক্রমণ করা হয়। নিহতের পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






