বাংলা ট্রিবিউনের তথ্যানুযায়ী, বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গায় অবস্থিত যেখান থেকে শিশুরা সহজে অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১২ থেকে ১৭ বছর বয়সীরা যা কেনাকাটা করে, তার ৭৫ শতাংশের বেশিই অস্বাস্থ্যকর খাবার। বিরতির সময় শিক্ষার্থীরা সসেজ রোল, ক্যান্ডি, চিপস ও কোমল পানীয় সহজেই হাতের কাছে পায়। ডাচ ফুড সেন্টারের প্রতিনিধি লিসবেথ ভেলেমা এই পরিস্থিতিকে উদ্বেগের বলে উল্লেখ করেছেন।
বর্তমানে স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবার বিক্রির ওপর নির্দিষ্ট কোনো আইনি নিষেধাজ্ঞা নেই। তবে স্থানীয় পৌরসভাগুলো কঠোর আইন এবং স্বাস্থ্যকর খাবার প্রচারে সুপারমার্কেটের ভূমিকা দাবি করেছে। চলতি মাসের শুরুর দিকে আমস্টারডাম ইউএমসি-এর গবেষণায় প্রায় ৯৪ শতাংশ স্কুলের চারপাশে অস্বাস্থ্যকর খাবার বিক্রির দোকান পাওয়ার কথা বলা হয়েছে। আলমেয়ার, আমস্টারডাম, ডেন বস, লাইডেন, রোটারডাম, উট্রেখট, দ্য হেগ, ব্রেডা, গ্রোনিঙ্গেন এবং টিলবার্গের মতো শহরগুলোতে এই গবেষণা চালানো হয়।






