সারাবাংলা জানিয়েছে, দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু—দুটিই উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিন প্রায় দুই শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। চলতি বছর ২২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ৫১৮ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন। এতে ২০২৪ সালের মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে দুই যুগের বেশি সময়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকারি-বেসরকারি হাসপাতালগুলো।
রাজধানীর ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর প্রচুর চাপ দেখা গেছে। শয্যাসংকটের কারণে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে মশারি টাঙিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং ২০২৪ সালে মারা যান ৫৭৫ জন। চিকিৎসকদের মতে, সাধারণ জ্বর ভেবে অবহেলা করা এবং দেরিতে হাসপাতালে আসায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে। এছাড়া অসময়ের বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তনে মশার প্রজননক্ষেত্র এখনো সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা।






