বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ২৭ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার গুরুগ্রাম পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুও এ খবর প্রকাশ করেছে।
পুলিশ জানিয়েছে, গুরুগ্রাম পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) ও পুলিশ অপারেশনস স্টাফের পৃথক অভিযানে ওই ২৭ বাংলাদেশিকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে তাদের কাছে ভারতে অবস্থানের বৈধ ভিসা, পাসপোর্ট বা অনুমোদনসংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি। পরে আটক ব্যক্তিদের মানেসরের একটি ডিটেনশন সেন্টারে পাঠানো হয় এবং সেখানে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার পুলিশি পাহারায় ট্রেনে করে ২৭ বাংলাদেশিকে পাঠানো হয়েছে। তাদের যাত্রার জন্য ট্রেনে একটি অতিরিক্ত সাধারণ বগিও সংযুক্ত করা হয়। কর্মকর্তা বলেন, ‘২৭ বাংলাদেশি নাগরিক পুলিশ সদস্যদের সঙ্গে ট্রেনে ওঠেন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ট্রেনটি সফলভাবে ছেড়ে যায়। পুরো কার্যক্রম সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে সম্পন্ন হয়েছে’।
জেলায় অবৈধভাবে বসবাসের অভিযোগে বিদেশি নাগরিকদের শনাক্ত ও পরিচয় যাচাইয়ের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।






