বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংলা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দুই থেকে তিনজন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের সামনে এসে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে যায়। তবে ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, মুখোশধারী ব্যক্তিরা বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে ফটকে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।






