ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির তথ্যভিত্তিক বহুমাত্রিক দারিদ্র্য সূচকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো।

ইউএনডিপির ২০২৬ সালের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্সে বাংলাদেশের দারিদ্র্যের হার ১৪ দশমিক ৯ শতাংশ, ভারতে ১৬ দশমিক ৪ শতাংশ এবং পাকিস্তানে ৩৮ দশমিক ৩ শতাংশ। প্রতিবেদনে আফগানিস্তানকে ৬৪ দশমিক ৯ শতাংশ হারে তালিকার শীর্ষে দেখানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নয়নে গুরুত্ব দিলে দারিদ্র্যের হার আরও কমতে পারে। তাঁদের মতে, কেবল আয় বৃদ্ধিই যথেষ্ট নয়; শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক নাগরিক সুবিধায় সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। ফ্যামিলি কার্ডসহ সরকারি প্রকল্পে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত হলে দারিদ্র্য আরও কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা।

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, মূল্যস্ফীতির কারণে আয় বাড়লেও জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা নতুন বহুমাত্রিক দারিদ্র্যের সংখ্যায় প্রতিফলিত হয়েছে। সিপিডির গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান সরকারের নীতি বাস্তবায়নে সবচেয়ে প্রয়োজনী জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।

ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে বিশ্বজুড়ে দারিদ্র্য পরিস্থিতির উদ্বেগজনক অবনতির কথাও উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বে ১২০ কোটি মানুষ দারিদ্র্যসীমায় বাস করছেন।