ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সোমবার রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রাতে আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সাম্প্রতিক মুকসুদপুর থানা অগ্নিসংযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম আলোচনায় আসে এবং থানা পোড়ানোর পরিকল্পনায় তার ভূমিকা থাকার অভিযোগ তোলেন কেউ কেউ।
বিএনপির কয়েকজন নেতা-কর্মী আগে থেকেই তাকে নিয়ে নানা অভিযোগ তুলে আসছিলেন। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন, ৫ আগস্টের আগে নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনের সময় আবুল হাসান নিজেকে শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ বলে পরিচয় দিতেন। তিনি আরও দাবি করেন, আবুল হাসানের নেতৃত্বে তার বাসায় একাধিকবার অভিযান ও ভাঙচুর চালানো হয়েছিল এবং পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়।






