ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটকের তথ্য পাওয়া গেছে।

আটককৃতরা হলেন ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান। জানা গেছে, মো. আজাদের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় এবং রাকিবুল হাসানের বাড়ি মুকসুদপুর উপজেলায়।

বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র ঢাকা টাইমসকে তাদের আটকের তথ্য নিশ্চিত করেছে।

গোপালগঞ্জের নাশকতার পরিকল্পনায় সংশ্লিষ্টতায় এর আগে গত সোমবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম আলোচনায় আসে এবং থানা পোড়ানোর পরিকল্পনায় তার ভূমিকা থাকার অভিযোগ তোলেন কেউ কেউ।