নিরাপত্তা ও রাজনৈতিক পটপরিবর্তনে নতুন মামলায় জড়ানোর উদ্বেগের কথা জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান। ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হাটহাজারী-ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজকে হোয়াটসঅ্যাপে কল করে তিনি এসব আশঙ্কার কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি ফোনালাপের ভিডিওতে দেখা যায়, রায়হান তার আত্মসমর্পণের ইচ্ছার কথা পুলিশ কর্মকর্তা তারেক আজিজকে জানান। তবে আত্মসমর্পণ করলে ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নতুন মামলায় ফেঁসে যাবেন কি না, তা নিয়ে ভয় প্রকাশ করেন। ফোনালাপে অতিরিক্ত পুলিশ সুপার তাকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেন এবং বিদ্যমান মামলার বাইরে নতুন কোনো মামলায় না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আত্মসমর্পণ করতে বলেন।
ফোনালাপে রায়হান ফটিকছড়িতে গোলাগুলির ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন এবং জানান যে তিনি বর্তমানে ফটিকছড়ি থেকে দূরে অবস্থান করায় সেদিনই হাজির হওয়া সম্ভব নয়। ফোনালাপের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ইত্তেফাককে জানান, রায়হানকে গ্রেপ্তারের পাশাপাশি তাকে আইনি প্রক্রিয়ায় আনার জন্য পুলিশের চেষ্টা ও অভিযান অব্যাহত রয়েছে।






