ইনডিপেনডেন্ট টিভির সংবাদ অনুযায়ী, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার ওই অগ্নিকাণ্ডেই ঘটনাস্থলে মারা যায় তার দুই বছর বয়সী ভাই মো. আনাছ হোসেন। নিহত দুই শিশু ওই এলাকার মো. নাজির আহম্মদের সন্তান।

রোববার বিকেলে নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে হঠাৎ আগুন লাগে। সে সময় ঘরে ঘুমিয়ে ছিল শিশু আনাছ ও মরিয়ম। আগুনে ঘটনাস্থলেই আনাছের মৃত্যু হয় এবং গুরুতর দগ্ধ অবস্থায় মরিয়মকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।