আজকের পত্রিকার তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীর তীরে নোঙর করা বালু-পাথরবাহী একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার সাচনা বাজার মাছহাট-সংলগ্ন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা ছয় শ্রমিকের মধ্যে চারজন তীরে উঠতে পেরেছেন। নিখোঁজ দুজনের সন্ধানে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজ শ্রমিকেরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মারুফ আহমদ (১৯) এবং একই গ্রামের আবুল কাসেমের ছেলে মো. মুবাশ্বির আলম (২৫)। তীরে উঠতে সক্ষম চার শ্রমিক হলেন আমিরুল ইসলাম (১৯), অনু দাস (২০), মো. মুস্তাকিম (১৮) ও মো. সুমন মিয়া (১৮)। আহত মুস্তাকিম ও সুমন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজকের পত্রিকায় জানানো হয়, তাহিরপুর উপজেলার ফাজিলপুর এলাকা থেকে বালু ও পাথর বোঝাই নৌকাটি জামালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। রাতে ঘুমানোর সময় নৌকার কোনো অংশে ছিদ্র দিয়ে পানি ঢুকে সেটি ডুবে যাওয়ার উপক্রম হয়। নৌকায় থাকা এক শ্রমিক জেগে চিৎকার করলে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও মারুফ ও মুবাশ্বির বের হতে পারেননি। জামালগঞ্জ ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও স্থানীয় পুলিশ নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে এবং সিলেট থেকে ডুবুরি দল আসছে।