জনকণ্ঠের তথ্যানুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম জোরদার করেছে।

এনসিটিবির গত ২৩ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮৩ শতাংশের বেশি বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। প্রাক-প্রাথমিকের বই ছাপা ও সরবরাহ কাজ সম্পন্ন হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, প্রাথমিক স্তরের বইয়ের ৯৮ দশমিক ৬৩ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮৮ দশমিক ১৩ শতাংশ মুদ্রণ কাজ শেষ হয়েছে। এছাড়া ইবতেদায়ি স্তরের বই ছাপার অগ্রগতি ৯৭ দশমিক ৩১ শতাংশ এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপানো হচ্ছে।