ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬ লাখ টাকা। গত মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় দ্বিতীয়বারের মতো এই বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রকল্পসংশ্লিষ্টরা জানান, এটি কেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। কার্যক্রম শেষে প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান ইনডিপেনডেন্ট টিভিকে জানান, দ্বিতীয় দফায় সফলভাবে এই বিদ্যুৎ সরবরাহ করা এনপিসিবিএলের সক্ষমতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। রূপপুর প্রকল্পের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।






