দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একমত হয়েছে।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।

বৈঠকে পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্যের বাজার প্রবেশাধিকার, বিনিয়োগ সম্প্রসারণ এবং সরাসরি বিমান যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া অস্ট্রেলিয়ার বাজারে তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর টিফা স্বাক্ষরিত হয়েছিল।