বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন মাইলফলক অর্জন করেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সমন্বয়ের পর প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে কেন্দ্রটির প্রথম ইউনিট। এই সময়ে জাতীয় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিয়েছেন। তিনি উল্লেখ করেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা অত্যন্ত সংবেদনশীল ও জটিল কারিগরি প্রক্রিয়া এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় ও স্থিতিশীল বিদ্যুৎ উৎপাদন বজায় রাখতে প্রতিটি পর্যায়ে সতর্কতা ও পেশাদারত্ব প্রয়োজন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, দেশে বিদ্যুৎ সংকটের এই মুহূর্তে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া অত্যন্ত আনন্দের এবং স্বস্তির বিষয়। তিনি জানান, বিদ্যুতের ঘাটতির কারণে সরকার ইতোমধ্যে কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে দিয়েছে এবং রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আরশাদ মোমেন এই অর্জনকে স্বাগত জানিয়ে বলেন, রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং কমাবে এবং শিল্পকারখানার উৎপাদন বাড়াবে।
এনপিসিবিএলের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট এস এম মাহমুদ আরাফাত বলেন, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশি জনবল পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় বা গ্রিড সিনক্রোনাইজেশনের মতো জটিল কারিগরি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে।






