ইনডিপেনডেন্ট টিভির বিশ্লেষণে উঠে এসেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পরমাণু অস্ত্র ছাড়ানোর জন্য নতুন করে আলোচনার টেবিলে বসাতে চাইছেন। তবে কিমের অবস্থান এখন আগের চেয়ে কঠোর; তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের দাবি না ছাড়ে, তবে আলোচনায় বসার আগ্রহ নেই।
রাশিয়ার ভূমিকা ও উত্তর কোরিয়ার শক্তি
বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কামানের গোলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১৬ হাজার সেনা দিয়েছে উত্তর কোরিয়া। বিনিময়ে তারা পেয়েছে খাদ্য, জ্বালানি, অর্থ ও প্রযুক্তিগত সহায়তা। এর ফলে পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ সামলানোর ক্ষমতা বেড়েছে।
উত্তর কোরিয়ার হাতে এখন কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ট্রাম্পের হিসাবে এই সংখ্যা ৫৭টি, তবে কিছু জরিপ বলছে এটি ১২০টি পর্যন্ত হতে পারে। ইয়ংবিয়নে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার সন্ধান পেয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
বিশ্লেষণে বলা হয়েছে, যদি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র মেনে নেওয়া হয়, তবে জাপান ও দক্ষিণ কোরিয়ায়ও পারমাণবিক অস্ত্রের প্রশ্ন উঠতে পারে, যা বিশ্বজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বড় ধাক্কা দিতে পারে।





