ইরানের সানান্দাজ শহরে তথাকথিত পরিবারের ‘সম্মান রক্ষা’ বা অনার কিলিংয়ের নামে হেলিয়া ফাত্তাহি নামের ১৯ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে। দুই মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণীকে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এনডিটিভি ও ইরান ইন্টারন্যাশনালের বরাতে চ্যানেল আই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে হেলিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁর পরিবার ক্ষুব্ধ হয়। অভিযোগ রয়েছে, তাঁকে জোর করে অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করানোর পাশাপাশি ব্যাপক মারধর করা হয় এবং পরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাবা-মা দুজনই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। মানবাধিকার সংস্থা হেনগাও ও হানা এ ঘটনাকে অনার কিলিং হিসেবে উল্লেখ করেছে।
চ্যানেল আই আরও জানায়, সম্প্রতি ইরানে নারীদের প্রতি সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। ১৮ নভেম্বর গিলান প্রদেশে ২৩ বছর বয়সী সাদাফ হাঘবিন সাবেক প্রেমিকের গুলিতে নিহত হন। এছাড়া কেরমানশাহে সোগান্দ সায়াদি নামের ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রী ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যায়। অন্যদিকে, ইউটিউবে সংগীত পরিবেশনার দায়ে জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিসহ তাঁর দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করার শাস্তি কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ।






