বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বৈদেশিক মুদ্রা অর্জনে ইরানের ব্যবহৃত আর্থিক নেটওয়ার্ক লক্ষ্য করে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার এক দিন পর মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে।
মুদ্রা পর্যবেক্ষক সংস্থা আলানচাঁদ-এর তথ্য অনুযায়ী, তেহরানের খোলাবাজারে প্রতি ডলারের দাম ২৮ লাখ ৫৬ হাজার রিয়াল বা ২ লাখ ৮৫ হাজার ৬০০ তোমানে পৌঁছেছে। আরেক পর্যবেক্ষক সংস্থা পাশিজি-তে বিক্রয়মূল্য ছিল ২৮ লাখ ৪৮ হাজার রিয়াল।
সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কের অংশ হিসেবে দুই ডজনেরও বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রেজারি জানায়, এই নেটওয়ার্ক ইরানি প্রতিষ্ঠানগুলোকে আন্তসীমান্ত লেনদেন এবং বৈদেশিক মুদ্রা পেতে সহায়তা করে। নিষেধাজ্ঞার আওতায় ইরান কারেন্সি অ্যান্ড গোল্ড এক্সচেঞ্জ সেন্টার-ও রয়েছে। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থার তথ্যমতে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি বলেছেন, কেন্দ্রটি লেনদেন নিবন্ধনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই রিয়ালের এই দরপতন ঘটলো। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্যানুযায়ী, অক্টোবরে শেষ হওয়া মেহর মাসে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৮৮ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। এ সময় ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৭৬ দশমিক ৮ শতাংশ এবং খাদ্য, পানীয় ও তামাকের দাম আগের বছরের একই মাসের তুলনায় ১১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।






