বাংলা ট্রিবিউনের খবর অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড় এবং হুমকিসংবলিত চিরকুট পাঠানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী আবু বাকেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী চোরাগোপ্তা হামলার মাধ্যমে মানুষ হত্যা করছে। গত বছরের ডিসেম্বরে শরীফ ওসমান হাদীকে হত্যার পর এবার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বকে নিশানায় নেওয়া হয়েছে বলে তার বক্তব্য।
সরকারকে এ ধরনের হুমকি প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব, শহীদ পরিবার ও রাজপথের যোদ্ধাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।






