আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে ৩৯৮ জন ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৮০ জন মেয়েশিশু এবং ১০৯ জন নারী। একই সময়ে ১৩৭ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর ৪০ জনকে হত্যা করা হয়েছে।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ এই তথ্য তুলে ধরে। লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা লিখিত বক্তব্যে জানান, এ ছাড়া ১৭০ জন ধর্ষণচেষ্টার ও ২০৬ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। একই সময়ে বিভিন্ন কারণে ৪৯০ জন নারী ও মেয়েশিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ২৫৭ জনের রহস্যজনক মৃত্যু ঘটেছে।

রেখা সাহা বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত হতে পারেননি। বরং সহিংসতার ধরন ও মাত্রা পরিবর্তিত হচ্ছে। অনলাইন ও প্রযুক্তিনির্ভর সহিংসতা, সাইবার হয়রানি এবং নারীবিদ্বেষী প্রচারণা উদ্বেগজনকভাবে বাড়ছে।

মহিলা পরিষদ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পূর্ণাঙ্গ যৌন হয়রানি প্রতিরোধ আইন প্রণয়ন, বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়ন এবং ভুক্তভোগীদের আশ্রয়, চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করার সুপারিশ করেছে। পাশাপাশি জরুরি সহায়তা ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন এবং সাইবার সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারীর সুরক্ষা নিশ্চিত করতে বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়ন এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন জরুরি। তিনি বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা ও রাজনৈতিক-প্রশাসনিক প্রভাবের সমালোচনা করেছেন।

মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম নারীর প্রতি সহিংসতাকে গুরুতর সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করার ও সমতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।