বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে দুটি প্রতিষ্ঠানের কাছে বকেয়া পড়ে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্পন্সরশিপের অর্থ। এই অর্থ আদায়ের প্রক্রিয়া এগিয়ে নিতে নির্বাহী কমিটি দুই কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে। তবে প্রতিষ্ঠান দুটি টাকা দিতে রাজি হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ফেডারেশন।
বুধবার নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘ফুটবল ফেডারেশন পাবে, ওটা স্পন্সর মানি। সেই টাকাটা যাতে অতি সহসা পেতে পারি, সে জন্য আমরা দুজনকে দায়িত্ব দিয়েছি।’
সভায় বাফুফের অভ্যন্তরীণ অডিট কমিটির পর্যবেক্ষণেও বিষয়টি উঠে আসে। বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী জানান, দুই পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে সমঝোতার মাধ্যমে দ্রুত বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করবে ফেডারেশন। প্রতিষ্ঠান দুটি বাফুফের বিভিন্ন কমিটির সঙ্গে যুক্ত থাকায় স্বার্থের সংঘাতের প্রশ্ন ওঠলেও জাহেদী দাবি করেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কোনো স্বার্থের সংঘাত নেই।
নারী লিগ ও সাদ উদ্দিনের চিকিৎসা
নারী ফুটবল লিগ আয়োজনের এজেন্ডাও অনুমোদন করেছে নির্বাহী কমিটি। তবে লিগ শুরুর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। দলসংখ্যা নিয়ে বাবু বলেন, ‘আমাদের চিন্তা ১০টার নিচে দল আমরা করতে পারব না। হয়তো ১০টা হবে, আইদার ১২টা হবে।’
জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিনের চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে চোট পাওয়া এই ফুটবলারের চিকিৎসা, অস্ত্রোপচার, হোটেলে থাকা ও যাতায়াতের খরচ বহন করবে ফেডারেশন। প্রয়োজন হলে তাঁকে বিজনেস ক্লাসে বিদেশে নেওয়ার ব্যবস্থাও করা হবে।
অন্যান্য সিদ্ধান্ত
কক্সবাজারের রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টারের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)। এছাড়া সিলেটে হাইব্রিড মাঠ নির্মাণের প্রস্তুতিও চলছে।
আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ বাফুফের কংগ্রেস আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই কংগ্রেসে কাউন্সিলরদের পাশাপাশি রেফারি ও সহকারী রেফারিদেরও আমন্ত্রণ জানানো হবে।
এছাড়া এএফসির দুটি পুরস্কার পাওয়ার পর প্রথম নির্বাহী কমিটির সভায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বাফুফে। জাহেদী জানান, এক বছরে দুটি এএফসি পুরস্কার পাওয়ার নজির রয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের।






