আট বছরের দীর্ঘ যাত্রা এবং প্রায় ১ হাজার কোটি কিলোমিটার (৬০০ কোটি মাইল) পথ পাড়ি দিয়ে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এবং জাপানের মহাকাশ সংস্থার (জেএএক্সএ) যৌথ উদ্যোগে এই অভিযানটি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে ইত্তেফাক।

সূর্যের কাছে অবস্থান সত্ত্বেও বুধের গর্তগুলোতে বরফের উপস্থিতি এবং গ্রহটির পৃষ্ঠের রহস্যময় গহ্বরগুলো নিয়ে তথ্য সংগ্রহ করবে বেপিকলম্বো। ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, তীব্র সৌর বিকিরণের আঘাত এবং সর্বোচ্চ ৪৩০ ডিগ্রি ও সর্বনিম্ন মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসের চরম তাপমাত্রার কারণে বুধ গ্রহ নিয়ে ইতিপূর্বে খুব কমই অনুসন্ধান করা সম্ভব হয়েছে।

লেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক এমা বান্স জানান, গ্রহটির গঠন, বিবর্তন এবং সূর্যের সঙ্গে মহাকাশ আবহাওয়ার মিথস্ক্রিয়া বোঝার জন্য এই বৈজ্ঞানিক অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে উৎক্ষেপণের পর মহাকাশযানটি পৃথিবীকে একবার, শুক্রকে দুইবার এবং বুধ গ্রহকে ছয়বার প্রদক্ষিণ করে। প্রপালশন সিস্টেমে জটিলতার কারণে নির্ধারিত সময়ের চেয়ে এক বছর বেশি লেগেছে। উল্লেখ্য, ১৯৭০-এর দশকে মেরিনার-১০ এবং ২০১১ সালে মেসেঞ্জারের পর বেপিকলম্বো হলো বুধ গ্রহের কাছে পৌঁছানো চতুর্থ মহাকাশযান।