কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরির ক্ষেত্রে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না নেওয়ার অভিযোগে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। আজকের পত্রিকার খবর অনুযায়ী, সোমবার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা এ মামলা করেন। তাঁর অভিযোগ, যথাযথ সুরক্ষাব্যবস্থা ছাড়াই এআই মডেল তৈরি করে জনসাধারণকে বিভ্রান্ত ও ঝুঁকির মধ্যে ফেলেছে প্রতিষ্ঠানটি।

মামলায় ২০২৬ সালের জুলাইয়ে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসে চালানো হামলার কথা উল্লেখ করা হয়েছে। ওপেনএআইয়ের পরীক্ষামূলক এআই এজেন্টগুলো ইন্টারনেটে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ব্যবস্থায় অনুপ্রবেশ করেছিল বলে অভিযোগ করা হয়। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দাবি, এ ঘটনার মাধ্যমে ওপেনএআই জনসাধারণের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে এবং ক্যালিফোর্নিয়ার অন্যায্য প্রতিযোগিতাবিরোধী আইন লঙ্ঘন করেছে। সান ফ্রান্সিসকোতে মামলাটি করা হয়েছে। মার্কিন কোনো অঙ্গরাজ্যের পক্ষ থেকে এ ধরনের মামলা করার ঘটনা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে।

ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, বন্টার মামলায় মনে হচ্ছে, এমন একটি চ্যালেঞ্জের জন্য শুধু ওপেনএআইকেই দায়ী করা হচ্ছে, যে সমস্যার কথা সব বড় এআই গবেষণাপ্রতিষ্ঠানই স্বীকার করেছে। এর আগে অ্যানথ্রপিক, মেটা ও গুগলের মতো প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও জানিয়েছিল, তাদের তৈরি মডেলগুলো একই ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে। ওপেনএআই জানিয়েছে, তারা অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সঙ্গে স্বচ্ছতা বজায় রেখেছে এবং পুরো শিল্প খাতের জন্য শক্তিশালী ও বাস্তবসম্মত নিরাপত্তামান তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে।