আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জেলা ছাত্রদল দাবি করেছে, আটকরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সূত্র জানায়, আজ বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি শিবগঞ্জ পৌর বাজার এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে দুই ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ব্যক্তিরা হলেন মো. শামীম ও মো. রাব্বি। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম অভি দাবি করেছেন, তাঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে ছাত্রলীগে তাঁদের কোনো পদপদবি রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ফজলে আজিম অভি বলেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ সময় শিবগঞ্জ পৌর বাজার এলাকায় ছাত্রলীগের দুই নেতা সড়কে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে থানায় সোপর্দ করেছেন। বর্তমানে দুজনকে থানায় আটক রাখা হয়েছে।