ঢাকা পোস্টের তথ্যানুযায়ী, লক্ষ্মীপুরে ১৪টি স্থানে মশাল জ্বালিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলার বিভিন্ন এলাকায় এই মিছিলগুলো করা হয়।

চন্দ্রগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও রামগঞ্জসহ বিভিন্ন এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয় এবং এর ভিডিও নেতাকর্মীরা ফেসবুকে ছড়িয়ে দেয়। স্থানীয়দের বরাত দিয়ে ঢাকা পোস্ট জানায়, জনবহুল এলাকায় কোনো মিছিল দেখা যায়নি, বরং নির্জন সড়কে মিছিল করে তা ফেসবুকে প্রচার করা হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া আট দফা দাবিতে মশাল মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আরও কয়েকটি এলাকায় মিছিলের ঘোষণা দিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানিয়েছেন, ভিডিও দেখে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।