বাংলাদেশ ক্রিকেট দলের গতিময় পেসার নাহিদ রানা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রক্তে প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি এই তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসক জানিয়েছেন, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ রানা। পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তার পরবর্তী অবস্থা সম্পর্কে জানা যাবে।
নাহিদ রানার ভেরিফায়েড ফেসবুক পেজেও এই বিষয়ে পোস্ট করা হয়েছে। পোস্টে জানানো হয়, গত চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সবার কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাহিদের ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। কিম্বার্লিতে আগামী ১০ ডিসেম্বর শুরু হবে এই সিরিজ। তবে বিসিবির প্রধান চিকিৎসক এখনই এই বিষয়ে কিছু বলতে চাননি।
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের পর থেকে মাঠের বাইরে ছিলেন নাহিদ রানা। শুরুতে সাইড স্ট্রেইনে ভোগার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তার অংশগ্রহণ হয়নি। পরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে ফেরার লক্ষ্যে পুনর্বাসন চলছিল। এর মাঝে পিঠের নিচের দিক ও শ্রোণিদেশে ব্যথা অনুভব করায় তার বোলিংয়ের শক্তি কমে যায়।
স্ট্রেংথ ও ফ্লেক্সিবিলিটি কমে যাওয়ার কারণে পূর্ণ মাত্রায় বোলিং করতে পারছিলেন না তিনি। নতুন পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দেশে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। সফলভাবে পুনর্বাসন শেষ করার পর প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে ফেরার সবুজ সংকেত পেলেও, ঝুঁকি এড়াতে তাকে আরও কিছুটা সময় দেয় টিম ম্যানেজমেন্ট। আশা ছিল, টি-টোয়েন্টি সিরিজে তাকে ফিরে পাওয়া যাবে।
এবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সেই সম্ভাবনাও নেমে গেছে শূন্যের কোটায়। ইত্তেফাকের খবরে বলা হয়েছে, ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর হয়তো সামনের ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই মাঠে ফেরবেন নাহিদ রানা। বরিশালে আগামী ১৫ ডিসেম্বর ওই প্রতিযোগিতা শুরু হবে।






