আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকেন্দ্রিক অস্থিরতায় ৩৮ দিন ধরে বন্ধ রয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র। এ কারণে প্রায় ১৫০টি হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ আছে। সংশ্লিষ্টদের দাবি, এতে প্রতিদিন প্রায় এক কোটি টাকা ক্ষতি হচ্ছে এবং ১০ হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন।

খাগড়াছড়ি-সাজেক সড়কে চলাচলকারী শতাধিক যানবাহনও বন্ধ রয়েছে, ফলে চালক ও সহকারীরাও বেকার হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাজেক ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) অস্থিরতার কারণে এই অবস্থা।

স্থানীয়দের দাবি, ইউপিডিএফ-প্রসীত গ্রুপ কথিত সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’র নামে চতুর্থ দফায় ৩৮ দিনের অবরোধ পালন করছে। ১০ নভেম্বর সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় কারবারি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও অন্য পক্ষ সরে না আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

গত দেড় মাসে সাজেকে দফায় দফায় জেএসএস-সন্তু গ্রুপ ও ইউপিডিএফ-প্রসীত গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গত এক বছরে পার্বত্য চট্টগ্রামে দুই পক্ষের ৯৬টি বন্দুকযুদ্ধে সশস্ত্র গ্রুপের ৫২ জন নিহত এবং ১০৩ জন অপহরণের শিকার হয়েছেন। সরকারি হিসাবে এ সময় ১৮৩টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে।

১ নভেম্বর বেলা সোয়া ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং-সংলগ্ন লাঙ্গলমারা ও দক্ষিণ ভাইবোনছড়ার সংরক্ষিত বন এলাকায় থেমে থেমে বন্দুকযুদ্ধ চলে। এর আগে ৩১ অক্টোবর দুপুরে সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।

৮ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গৃহবধূ অরুণা চাকমাকে (৩০) তাঁর নিজ বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায়। এর আগে ২৯ সেপ্টেম্বর সকালে মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ায় গোলাগুলিতে মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সঞ্জিতা ত্রিপুরা (৯) গুলিবিদ্ধ হয়।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, এখন রাঙামাটিতে চারটি গ্রুপ এবং বান্দরবানে কেএনএফসহ পাহাড়ে পাঁচটি গ্রুপ চাঁদাবাজি করছে। খাগড়াছড়ি হোটেল রিসোর্ট মালিক সমিতির সাবেক সহসভাপতি স্বপন কুমার দে বলেন, সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজিতে পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে।

রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব বলেন, এক পক্ষ অবরোধ প্রত্যাহার করেছে, অন্য পক্ষের অবরোধ চলছে। তবে মানুষ ভয়ে গাড়ি বের করছেন না। তিনি চাঁদাবাজির কথা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেয়, তবে অনেকেই চাঁদার বিষয়টি গোপন রাখতে চান।