ঢাকা টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে ফের পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেন।
সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা মো. আব্দুল হান্নান জানান, দুপুরের পর থেকে গোপালগঞ্জ সড়কে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় খুলনা থেকে কোনো গাড়ি পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং যাত্রীরাও যেতে চাননি। দুপুরের পর থেকে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
টুঙ্গিপাড়া পরিবহনের এক কর্মকর্তা জানিয়েছেন, সড়কে নিরাপত্তা না থাকায় সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা রুটের সব গাড়ি বন্ধ রাখা হয়েছে এবং নিরাপত্তা ফিরলে তা পুনরায় চালু হবে।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে চলা সকল গাড়ি বন্ধ রাখা হয়েছে। তবে রোববার সকাল থেকে বিকল্প পথ হিসেবে যশোর-মাগুরা রোড ব্যবহার করে গাড়িগুলো চলাচল করবে।





