ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদন অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছ ফেলে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর ফলে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরের সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে মহাসড়কে থাকা গাছ সরিয়ে ফেলা হয় এবং যান চলাচল আবারও শুরু হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়েছিল।
গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু ঢাকা ট্রিবিউন বাংলাকে বলেন, “গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে দক্ষিণের চার জেলার বাস চলাচল শুরু হয়েছে। জেলার অভ্যন্তরীণ ছয়টি রুটেও বাস চলছে।”





