ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদন অনুযায়ী, নোয়াখালীর কবিরহাট উপজেলায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। চলতি বছরের ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে হুমকি দেয়। সম্প্রতি ভিডিওটি ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া জানান, গত সোমবার (২৩ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি মো. শিপন (২২) গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন। বাকি দুই আসামি সাইফুল ইসলাম (২৩) ও মোছলেহ উদ্দিন (২৪) এখনো পলাতক।

ভুক্তভোগীর বাবা জানান, ২০১২ সালে বাক্‌প্রতিবন্ধী বড় মেয়েকে ধর্ষণ করেছিল রাজীব হোসেন নামের এক যুবক। গত বছরের ডিসেম্বরে ওই মামলার রায়ে আসামিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। তবে আসামি এখনো বিদেশে থাকায় সাজা কার্যকর হয়নি। বাবা জানান, বড় মেয়ের মামলার খরচ চালাতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।