নিরাপত্তার ঝুঁকি এবং যাত্রী সংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সড়কে সহিংসতার আশঙ্কায় খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট দিয়ে বিকল্প পথে বাস চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু সড়কে নিরাপত্তা শঙ্কা ও যাত্রীর সংখ্যা কম হওয়ায় আপাতত দূরপাল্লার বাস চলাচল স্থগিত রাখা হয়েছে।
বাগেরহাট বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টার ম্যানেজার নাঈম শেখ জানান, গোপালগঞ্জে সহিংসতার কারণে তাদের সব বাস বন্ধ রয়েছে এবং ঢাকাগামী যাত্রীও তেমন নেই। ফলে জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে চাওয়া যাত্রীরা বিপাকে পড়ছেন এবং বিকল্প উপায়ে খুলনায় গিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
এদিকে, বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন জানান, আগের দিনের সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






