ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, কক্সবাজারের ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের নির্গমন পথ বন্ধ করার পরবর্তী কার্যক্রম চালানোর সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাপেক্সের একজন কর্মকর্তাসহ অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন।
রোববার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকিদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শুবক্তগীন আহমেদ জানান, দগ্ধ ছয়জনের মধ্যে দুজনের শরীরের ১০ শতাংশ পুড়ে যাওয়ায় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয় এবং বৈদ্যুতিক তারের সংস্পর্শে আগুন ধরে টানা এক মাস জ্বলে। গত শুক্রবার বাপেক্স সেই আগুন নিয়ন্ত্রণে এনেছিল।






