প্রথম আলো জানিয়েছে, আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। এনসিটিবি সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্তরের ৯৯টি এবং প্রাথমিক স্তরের ৩৬টি বই পরিমার্জন করা হয়েছে। পাশাপাশি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে নতুন বই যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
২০২৮ সালের নতুন শিক্ষাক্রম
২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এনসিটিবি নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরির আগে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করছে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে শিক্ষাক্রমের কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে কাজ চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথমে নতুন শিক্ষাক্রম তৈরির কথা বলা হলেও এখন বিদ্যমান শিক্ষাক্রমের সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তন ও নতুন বিষয় যুক্ত করে বিস্তৃত পরিমার্জনের সিদ্ধান্ত হয়েছে। সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় এবং তৃতীয় ভাষা শেখানো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে।
পাঠ্যবইয়ে নতুন বিষয়বস্তু
চতুর্থ শ্রেণির নতুন বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’। ইতিহাসের বইয়ে মুক্তিযুদ্ধের সেক্টর ও ব্রিগেড ফোর্স, বীরশ্রেষ্ঠদের জীবনী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করা হচ্ছে।
এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক এ কে এম শওকত আলী খান প্রথম আলোকে বলেন, শিগগিরই শিক্ষাক্রমের বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারবেন বলে তাঁরা আশা করছেন।






