দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, ২০২৭ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা মূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণে নতুন রেকর্ড সৃষ্টি হতে চলেছে। টানা ১৭ বছর পর এবারই প্রথম শিক্ষাবর্ষ শুরুর এক মাস আগেই প্রাথমিকের শতভাগ এবং মাধ্যমিকের ৯৮ ভাগ বই ছাপা শেষে সব উপজেলায় পৌঁছে গেছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু ইত্তেফাককে জানান, বই ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং মানের ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।
এদিকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হওয়া চারটি নতুন বইয়ের ১ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৩৩ কপি ছাপার কাজ চলছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এগুলো ছাপা শেষে সারা দেশে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।






