ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একইসঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে পড়ার সুযোগ পাবে। এছাড়া দেশের অনগ্রসর আরও নতুন ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তির কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।

ইত্তেফাক জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে এ সুবিধা পাবে। এর ফলে বর্তমানে উপবৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার (প্রায় এক কোটি)। পাশাপাশি প্রচলিত দারিদ্র্য-ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এ সুবিধা পাবে। এতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

ইত্তেফাকের তথ্যমতে, বিএনপি'র নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম)-এর পরিধি সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এর মূল লক্ষ্য নারী শিক্ষার প্রসার, ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা জোরদার করা।

ইত্তেফাককে দেওয়া তথ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানান, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি নারী শিক্ষার জাগরণের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূর্বের সেই সফল ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে।