দেশ রূপান্তরের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত টানা চার দিনের বৃষ্টির আট দিন পরও পিরোজপুরের বিভিন্ন এলাকার কৃষিজমি থেকে পানি নামেনি। এতে জেলার ৩ হাজার ৪৬৭ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এর মধ্যে ৩ হাজার ২৫০ হেক্টর জমির আমন ধান, ১০৫ হেক্টর জমির খেসারি ডাল এবং ১১২ হেক্টর জমির শীতকালীন শাকসবজি রয়েছে। দীর্ঘ সময় জমিতে পানি জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
সরেজমিনে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী, হুলারহাট, বানেশ্বরপুর, টোনা, কুমিরমারা, গাজীপুর ও শারিকতলা এলাকায় বেড়িবাঁধ ভাঙা থাকায় এবং জিয়ানগর উপজেলার পত্তাশী, ইন্দুরকানী সদর, চন্ডিপুর ও বালিপাড়া এলাকায় আমন ধানের ক্ষতি বেশি হয়েছে। ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার নিচু এলাকার ফসলি মাঠেও পানি জমে রয়েছে। কৃষকরা জানিয়েছেন, জমি কর্দমাক্ত থাকায় এবং পানি জমে থাকায় ধান কাটা ও রবিশস্য চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া অতিরিক্ত বৃষ্টিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ ও শাকসবজিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ ও পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার জানান, কৃষকদের পানি নিষ্কাশনসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে এবং উঁচু এলাকার পানি ধীরে ধীরে চুঁইয়ে নামায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমে আসছে।





