শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না। তিনি জানিয়েছেন, অনেক শিক্ষক ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান, যাদের তালিকা তৈরি করা হচ্ছে।

ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, শিক্ষামন্ত্রী আরও বলেছেন, যেসব শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল মিটিং করেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী এবং তারা যখন তখন মিছিল মিটিং করে রাষ্ট্রদ্রোহ কাজ করতে পারবেন না।

নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, এবারের পাবলিক পরীক্ষায় কোথাও এসএসসি ও এইএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি। তিনি দাবি করেন, আগামী দিনে আর কোনো দিন প্রশ্নপত্র ফাঁস হবে না।

এছাড়া তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার ব্যবস্থা করছে, যা সারা দেশে মেয়েদের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া সারা দেশের শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার দেওয়া হবে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অনেকে।