ঢাকা পোস্টের তথ্য অনুযায়ী, রাজধানীর মিরপুরের পল্লবীতে বালতি রাখা ও কাপড় ধোয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে করিম (৩৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত করিম পেশায় একজন বুটিকস কর্মচারী ছিলেন এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার চন্দনা গ্রামের মাইনুল রহমানের ছেলে। তিনি মিরপুর-৬ নম্বর সেকশনের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার বিবরণ দিয়ে প্রতিবেশী সাকিব জানান, শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-৬ নম্বর সেকশনের একটি ভাড়া বাসার সামনে বালতি রাখা ও কাপড় ধোয়া নিয়ে করিম ও আরিফের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে করিমের পিঠে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।






