নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে না দিতে রোববার (২৯ নভেম্বর) থেকে চট্টগ্রাম নগরের শতাধিক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। ঢাকা পোস্টের তথ্যানুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক যৌথ প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

সভায় নাজিমুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া সভায় বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।