ঢাকা ট্রিবিউনের তথ্যানুযায়ী, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা সফরের পর তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে অভিবাসী শ্রমিকদের নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল।
এর আগে গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ছিল দায়িত্ব গ্রহণের পর তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।





