বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে।
গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত চিঠিতে তাকে এই নোটিশ পাঠানো হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব।
নোটিশে উল্লেখ করা হয়, আবুল কাওসার আশা মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায় করেছেন এবং তাদের স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করেছেন। এছাড়া শামীম ওসমানের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে গুরুত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আবুল কাওসার আশা জানিয়েছেন যে তিনি শোকজের লিখিত জবাব দেবেন এবং নিজেকে দলের পরীক্ষিত কর্মী দাবি করেছেন।






