বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাসের বরাতে জানিয়েছে দৈনিক ইত্তেফাক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন অনুযায়ী, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা পরবর্তী সময়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
প্রতিবেদনে বলা হয়, লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘কানি’। এই নামটি মালদ্বীপের প্রস্তাবিত, যা উপকূলীয় অঞ্চলের একটি বিশেষ গাছের নামের সঙ্গে সম্পর্কিত। এর আগে গত এক মাসে অর্ণব, মুরাসু ও আকভান নামের তিনটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল।
আইএমডির নিজস্ব উপগ্রহ চিত্রের তথ্যানুযায়ী, ২৯ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে এবং ২ ডিসেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। প্রাথমিক ধারণায় এটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হওয়ার কথা বলা হলেও এর গতিপথ ও শক্তি নিয়ে পূর্বাভাস মডেলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।
আবহাওয়ার প্রধান দুটি মডেলের মধ্যে একটি মিয়ানমারের দিকে এবং অন্যটি শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের দিকে সম্ভাব্য গতিপথের ইঙ্গিত দিচ্ছে। আবার কিছু মডেল ইঙ্গিত করছে যে সিস্টেমটি সাগরেই উল্লেখযোগ্য শক্তি বৃদ্ধি না পেয়ে দুর্বল হয়ে পড়তে পারে। এছাড়া সম্ভাব্য এই ঘূর্ণাবর্তের কারণে ভারতের দক্ষিণবঙ্গে আগামী দুই দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।






