রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলে ঢাকা পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১১ জন, ওয়ারীতে ৭৯, তেজগাঁওয়ে ৬৭, মতিঝিলে ৪৬, উত্তরার ৪৪, লালবাগে ৪৩, গুলশানে ৩০, রমনা বিভাগে ১৭ এবং গোয়েন্দা পুলিশের অভিযানে পাঁচজন রয়েছেন।

অভিযান চলাকালে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ৯৬ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল, একটি চায়নিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।