বাস ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাভারের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ শ্রমিক লীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসস-এর খবরে এ কথা জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ এবং সাভার মডেল থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় ‘হানিফ পরিবহনের’ সাইনবোর্ড লাগানো একটি বাস, ব্যানার ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
এর আগে হেমায়েতপুর এলাকা থেকে পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ট্যানারি পুলিশ ফাঁড়ির সদস্যরা অপর একজনকে গ্রেপ্তার করেন। তবে তদন্তের স্বার্থে পুলিশ বাকিদের নাম প্রকাশ করেনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, জব্দ করা বাসটির মালিক গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা রুবেল হাওলাদার। তিনি ও তার সহযোগীরা বাসটি অপরাধমূলক কার্যক্রমে ব্যবহার করে আসছিলেন।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।





