ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর কলাবাগান, ওয়ারী, কাফরুল ও ধানমন্ডি এলাকার চার পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহ আলী প্লাজার বিপরীত পাশে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিকেলে আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, পালিয়ে যাওয়ার সময় এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।






