জনমনে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে দেশে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বাসসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সাধারণ জনগণ।

প্রতিবেদন অনুযায়ী, নাশকতায় জড়িতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর অধীনে মামলা দায়ের করা হচ্ছে। অপরাধের ধরণ ও তীব্রতার ওপর ভিত্তি করে এসব আইনে কয়েক বছরের কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের অপরাধসমূহ আমলযোগ্য ও অনাজামিনযোগ্য।

গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের সময় কবি নজরুল সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. ফয়সাল (২৯) এবং সুকুমার হালদার (২৮) নামের দুজনকে হাতেনাতে আটক করে পুলিশ ও উপস্থিত জনতা। এ ঘটনায় সূত্রাপুর থানায় মামলা দায়ের করা হয়।

এছাড়া ২১ নভেম্বর রাতে ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি নামে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা কলেজের কর্মকর্তা মো. আবু জায়েদ নিউ মার্কেট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

ঢাকা সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বাসসকে জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা গুরুতর অপরাধ এবং প্রমাণ সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন বাসসকে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং নাশকতায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।