চ্যানেল আইয়ের সংবাদ অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় আহত নাজমুল করিম ওরফে নুরুলকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। ২৬ নভেম্বর রাতে রাজশাহী নগরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিস্ফোরণের পর পালিয়ে গোপনে চিকিৎসা নেওয়া নাজমুলকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসআরবি-৫-এর দাবি, তিনি ককটেল তৈরির কারিগর এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। ২৫ নভেম্বর দুপুরে শিবগঞ্জের পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামের এক ব্যক্তি নিহত হন। তিনি সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন।

এদিকে চ্যানেল আইয়ের প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২৬ নভেম্বর রাতে রাজশাহী নগরের পৃথক দুটি স্থান থেকে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। হেতেমখাঁ ও বর্ণালীর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদও রয়েছেন।

অন্যদিকে, ঢাকা পোস্টের খবরে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর আগারগাঁও পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল সিএনজিতে বিস্ফোরিত হয়ে হাবিবুর রহমান (৬৫) নামে এক সিএনজিচালক আহত হন। তাকে প্রথমে স্থানীয় আয়েশা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।