ঢাকা পোস্টের তথ্যানুযায়ী, কক্সবাজার শহরে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অন্তত ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে আড়াইটার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শহরের মোটেল সড়কে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয়, বাণিজ্য মেলার ফটক এবং বাহারছড়া এলাকায় অবস্থিত সিভিল সার্জনের কার্যালয় ও হিল ডাউন সার্কিট হাউস লক্ষ্য করে এসব ককটেল বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশ আলামত সংগ্রহ করে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরজুড়ে নাশকতা ও সহিংসতামূলক কার্যক্রম প্রতিহত করতে টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।






