আজকের পত্রিকার তথ্যানুযায়ী, দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্র বা এলসির তথ্য আদান-প্রদানে আন্তর্জাতিক সুইফট ব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশ রিয়েল টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা সংক্ষেপে ‘বার্তা’ নামের এই ব্যবস্থার মাধ্যমে এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো স্থানীয় এলসির তথ্য ও বার্তা তাৎক্ষণিকভাবে আদান-প্রদান করতে পারবে। নতুন প্ল্যাটফর্মটি পুরোপুরি কার্যকর হলে অভ্যন্তরীণ এলসির ক্ষেত্রে পর্যায়ক্রমে সুইফটের ব্যবহার বন্ধ করা হবে, যার ফলে বছরে প্রায় ৭০ লাখ ডলার সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
গত শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে ‘বার্তা’ প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে গভর্নর মোস্তাকুর রহমান জানান, উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে এবং চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো মাস্টার রপ্তানি এলসি বা মূল রপ্তানি চুক্তির বিপরীতে ইস্যু করা স্থানীয় ও ব্যাক টু ব্যাক এলসির বার্তা তাৎক্ষণিকভাবে পাঠাতে ও গ্রহণ করতে পারবে। এতে এলসি-সংক্রান্ত তথ্যের নির্ভুলতা বাড়ার পাশাপাশি ব্যাংকগুলোর মধ্যে তথ্যের অসামঞ্জস্য কমবে এবং তদারকি জোরদার করা সহজ হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।






