ইনডিপেনডেন্ট টিভির তথ্য অনুযায়ী, ডলারের বাড়তি দাম নিয়ন্ত্রণ এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার উদ্দেশ্যে নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো নির্ধারিত সীমার বেশি দামে বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না।

বর্তমানে ব্যাংকগুলো প্রতি ডলারে বিলস ফর কালেকশন বা বিসি বিক্রয় হার ১২৫ টাকা ৫ পয়সা থেকে ১২৫ টাকা ৪০ পয়সা নির্ধারণ করলেও নগদ বিক্রির ক্ষেত্রে এর চেয়ে এক থেকে দেড় টাকা বেশি আদায় করছে। অন্যদিকে খোলা বাজারে মানি চেঞ্জারে প্রতি ডলার ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৮ টাকায় বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে নগদ বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক এই সীমা বেঁধে দিল।